প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সরবরাহের উদ্যোগ নেওয়ার জন্যও তিনি বাংলালিংক কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন- এর চেয়ারম্যান অগি ফাবেলার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সাক্ষাতে দেশের ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, প্রযুক্তির সহজলভ্যতা এবং নাগরিকবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: সব মাধ্যমিকে বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের হাতে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে বেসরকারি খাতকে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ইন্টারনেটের মূল্য আরও সহনীয় পর্যায়ে আনার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান তিনি, যাতে সব শ্রেণি-পেশার মানুষ সহজে ডিজিটাল সেবার সুফল ভোগ করতে পারেন।
বাংলালিংকের পক্ষ থেকে ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর সেবার উন্নয়নে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।
কালের আলো/এসআর/এএএন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬ । ১২:২৯ অপরাহ্ণ