নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পুকুরে গোসল করতে নেমে অনামিকা দাস (১৩) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরী অনামিকা দাস দুর্গাপুর গ্রামের আবু চন্দ্র দাসের মেয়ে। সে কান্দাপাড়া সুরুজ আলী ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পাড়ার অন্যান্য শিশু-কিশোরীদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে অনামিকা। একপর্যায়ে সে পানিতে ডুব দিয়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে সঙ্গে থাকা অন্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরের পানির নিচ থেকে তাকে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি

কেন্দুয়া ( নেএকোনা) প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬ । ৬:০৫ অপরাহ্ণ