মুদ্রানীতি ঘোষণা আজ, কমছে না নীতি সুদহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ । ১১:২০ পূর্বাহ্ণ

উচ্চ মূল্যস্ফীতি ও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির নিম্নমুখী প্রবণতার মধ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৩০ জুন) বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে গভর্নর মোস্তাকুর রহমান নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন। বর্তমান সরকারের আমলে এবং গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানের এটিই প্রথম মুদ্রানীতি।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রধান নীতি সুদহার (রেপো রেট) ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হচ্ছে। একই সঙ্গে ব্যাংকগুলোর বিধিবদ্ধ জমা সংরক্ষণ (সিআরআর) হারেও কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

সংশ্লিষ্টরা জানান, মে মাসে দেশের মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে, যা ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।

মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মূল্যস্ফীতির ওপর পড়েছে। ফলে আপাতত সংকোচনমূলক মুদ্রানীতির অবস্থান থেকে সরে আসছে না কেন্দ্রীয় ব্যাংক।

অন্যদিকে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার অনেক নিচে রয়েছে। চলতি অর্থবছরের জুন পর্যন্ত ৮ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকলেও এপ্রিল শেষে তা দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ৭৫ শতাংশে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন।

নতুন মুদ্রানীতিতে ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান ৪ শতাংশের মধ্যে রাখার বিষয়টি তুলে ধরা হতে পারে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে কম সুদে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ, ব্যাংক খাতের চলমান সংস্কার, প্রবাসী আয় বাড়াতে নেওয়া উদ্যোগ এবং পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ও গুরুত্ব পাবে।

এ ছাড়া দীর্ঘ ৪৫ মাস পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়ানো এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকাকে কেন্দ্রীয় ব্যাংক সাম্প্রতিক অর্থনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরবে বলে জানা গেছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন