সব উন্নয়ন কর্মকাণ্ডে সরকারকে সহযোগিতার আহ্বান প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬ । ৩:৩৮ অপরাহ্ণ

ঢাকা-১৫ আসনের জনগণকে সব উন্নয়ন কর্মকাণ্ডে সরকারকে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (১ জুলাই) রাজধানীর মিরপুর ঢাকা-১৫ আসনের নাগরিকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে এলাকার জনগণকে নিয়ে বিরোধী দলীয় নেতার মতবিনিময় সভা এসেছি। এই এলাকার এমপি এবং ডিএনসিসি প্রশাসক এলাকার জনগণের সেবক। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পুরো টিমকে নিয়ে এসেছি জনগণের অভাব, অভিযোগ ও দুর্ভোগের কথা শুনতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখানকার জনগণের কথা শুনবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে ঢাকা-১৫ আসনের সব সমস্যা সমাধান করা হবে।

মীর শাহে আলম আরও বলেন, আমরা সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে এলাকার সব উন্নয়ন কার্যক্রমে অংশীদার হবো এবং জনগণকে সঙ্গে নিয়ে সব সমস্যার সমাধান করে উন্নত ঢাকা গড়ে তুলবো। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণের জন্য সব উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছি এবং সব উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে ঢাকা-১৫ আসনের জনগণের পানি-গ্যাস সমস্যা, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, অবৈধ খাল দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্নতাসহ জনগণের সেবামূলক কার্যক্রমে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ঐতমত্য হয়েছেন জামায়াতে ইসলামীর আমির বিরোধী দলীয় নেতা ডা.শফিকুর রহমান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। এই আয়োজনের মাধ্যমে তারা পৃথক চারটি মতবিনিময় সভায় স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মিলিত হন।

প্রথমে পশ্চিম শেওড়াপাড়া ৩ নম্বর গলিতে প্রথম আনুষ্ঠানিক পরিদর্শন শুরু হয়। পরে পূর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদ এলাকা, বাইশটেকী সরকার বাড়ি মোড় ৪ নম্বর ওয়ার্ড এলাকা ও ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার ডেঙ্গু মশা পরিস্থিতি ,পশ্চিম শেওড়াপাড়া খালের পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, গ্যাস ও পানির সমস্যাসহ বিভিন্ন এলাকা সরজমিনে পরিদর্শন করেন এবং উপস্থিত স্থানীয় জনগণের অভিযোগ শুনেন ও সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন তারা।

মতবিনিময় সভায় জাতীয় সংসদের বিরোধ দলীয় নেতা, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুরী পাড়ার পানির সমস্যার সমাধানে পাঁচটি পানির পাম্প নির্মাণের জন্য এলাকার জনগণকে দ্রুত স্থান নির্বাচনে সহযোগিতার আহ্বান জানান। এ সময় তারা প্রত্যেকে নিজস্ব তহবিল থেকে প্রতিটি পানির পাম্পের জন্য ২০ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন এবং জনগণকে এ বিষয়ে সহযোগিতার অনুরোধ জানান।

মতবিনিময় সভায় ওয়াসার এমডি, তিতাসের এমডি, উত্তর সিটি কর্পোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতা, উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন