বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ মেনে নেবে না বেইজিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ । ৪:২৭ অপরাহ্ণ

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ চীন মেনে নেবে না।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে এবং এ বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

তিনি বলেন, নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে চীন।

প্রধানমন্ত্রীর চীন সফর সফর প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক চীন সফর সফল হয়েছে এবং এর মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়েছে। পাশাপাশি পারস্পরিক আস্থার নতুন ভিত্তি তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিরক্ষা সহযোগিতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, দুই দেশ যৌথ ইশতেহারের মাধ্যমে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে মতবিনিময়, সফর ও প্রশিক্ষণ কার্যক্রম।

তবে সম্ভাব্য ফাইটার জেট ক্রয় বা নির্দিষ্ট কোনো প্রকল্প নিয়ে তিনি সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, প্রতিরক্ষা সহযোগিতা দুই দেশের বিস্তৃত সম্পর্কের অংশ এবং ভবিষ্যতে এটি আরও বাড়বে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিশ্বশান্তি ও ন্যায়বিচার বজায় রাখতে চীন ও বাংলাদেশ একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, গত ২২ থেকে ২৬ জুন বাংলাদেশের একজন শীর্ষ নেতা চীন সফর করেন, যা নিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হওয়ার কথা জানানো হয়।

কালের আলো/জেএন /এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন