রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ । ৬:২৯ অপরাহ্ণ

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষার্থীরা। রাজশাহী মহানগরীর ২৭ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত। এবার এ পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ড থেকে অংশ নিচ্ছে  ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন শিক্ষার্থী। তবে গত বছরের (২০২৫) তুলনায় বেড়েছে ৭ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থীর সংখ্যা।

রাজশাহী শিক্ষাবোর্ডের দেয়া তথ্য মতে এই বোর্ডে অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ৭৩ হাজার ৫৭ জন জন ছাত্র এবং ৬৭ হাজার ৭৭৩ জন ছাত্রী। এ বছর শিক্ষাবোর্ডের অধীনে ৮টি জেলায় ২০৮টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট ৭৪৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় এই প্রথমবারের মতো যুক্ত হয়েছে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ প্রযুক্তি। পরীক্ষাকেন্দ্রগুলোর ভেতরের সিসিটিভি নজরদারির পাশাপাশি এবার কেন্দ্রের বাইরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, শৃঙ্খলা রক্ষা এবং ডিজিটাল রেকর্ড রাখার জন্য এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষার প্রথম দিন সকালে রাজশাহী কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, সিটি কলেজসহ বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের শরীরে এই বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করতে দেখা গেছে। একই সাথে কেন্দ্রের বাইরে মাইকিং করে অভিভাবক ও পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা ও নিয়মকানুন জানানো হচ্ছিল।

যেকোনো ধরনের যানজট বা অপ্রত্যাশিত বিলম্বের বিষয়টি মাথায় রেখে এবার সকাল সাড়ে ৮টা থেকেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ করে দেওয়া হয় এবং নির্ধারিত নিয়ম মেনে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে কেন্দ্রে প্রবেশ করে।

এদিকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী শিক্ষাবোর্ডে চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী। তিনি বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। অভিন্ন প্রশ্ন পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বেশ খানিকটা সুবিধা মিলেছে।

পরীক্ষাকে কেন্দ্র করে এখন পর্যন্ত রাজশাহীর কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার কোন খরব মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ২৪টি ভিজিলেন্স টিম সব কেন্দ্র গুলো পর্যায়ক্রমে পরিদর্শন করছে।

উল্লেখ্য, ২০২৫ সালে রাজশাহী বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন।

২০২৪ সালে রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৩৮ হাজার ১৫৭জন। ২০২৩ সালে রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৪০ হাজার ১১৫ জন। আর ২০২২ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ৪২৩ জন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন