পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
শুক্রবার (০৩ জুলাই) বেলুচিস্তানের শেরানি জেলার ধনাসর এলাকা থেকে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানে প্রাদেশিক সীমান্ত অতিক্রম করার সময় পেশোয়ারগামী বাসটি দুর্ঘটনার শিকার হয়। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শহীদ রিন্দ এক বিবৃতিতে বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর উভয় প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী দল এবং সংশ্লিষ্ট বিভাগগুলো ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।
এর আগে শেরানির ডেপুটি কমিশনার (ডিসি) ওয়ালি খান কাকার বলেন, বাসটি ৩৬ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে ছেড়েছিল। তবে মাঝপথে বিকল হয়ে যাওয়া অন্য একটি বাস থেকে আরও যাত্রী এতে তোলা হয়েছিল।
অন্যদিকে খাইবার পাখতুনখোয়ার উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২-এর এক বিবৃতিতে বলা হয়েছে, বাসটি খাদে পড়ে যাওয়ার সময় এতে ৪৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঝোবের জরুরি পরিষেবা ও রেসকিউ ১১২২-এর দল ঘটনাস্থলে পৌঁছেছে।
বিবৃতিতে বলা হয়েছে, আহত আটজনকে ঝোবের জেলা সদর হাসপাতালে (ডিএইচকিউ) নেওয়া হয়েছে। এছাড়া মরদেহগুলো প্রথমে নিকটবর্তী একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছিল। পরে সেগুলো ঝোব জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেসিডেন্টের কার্যালয়ের এক্স পোস্টে বলা হয়েছে, তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তাদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সংশ্লিষ্ট বিভাগগুলোকে উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে, আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে বেলুচিস্তান সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে।
এর আগে খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির জেলার নাওয়াগাই আসবানর এলাকায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। এতে তিন নারী নিহত এবং দুজন আহত হন।
এ ছাড়া গত ৩১ মার্চ খাইবার পাখতুনখোয়ার আপার চিত্রালে পাঁচ যাত্রীসহ একটি জিপ গভীর খাদে পড়ে যায়। এতে এক শিশুসহ তিনজন নিহত এবং আরও দুজন আহত হন।
সূত্র: ডন
কালের আলো/জেএন/এমএসআইপি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ । ৩:১৭ অপরাহ্ণ