কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৪ জুলাই, ২০২৬ । ১১:১৫ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ৫ দিনে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের লক্ষণ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৯০ জন রোগী।

সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২২ জন রোগী ভর্তি হওয়ায় জেলায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ জনে।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. হুমায়ুন কবির ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৪ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত হামে রোগী ভর্তির দৈনিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়,

শুক্রবার (৩ জুলাই) শেষ ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সরকারি হাসপাতালে ২১ জন এবং বেসরকারি হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।নতুন ২২ রোগী যুক্ত হওয়ায় জেলায় হামের লক্ষণ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ জনে।

এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৪২ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন।প্রতিদিনের হামের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, গত ২৯ জুন পর্যন্ত জেলায় হামের লক্ষণ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৪১০ জন।

এরপর ৪ জুলাই পর্যন্ত ৫ দিনে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৯০ জন রোগী। সেই হিসাবে এ সময়ে প্রতিদিন গড়ে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে আক্রান্তদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন