বাংলাদেশে এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত কমে বাড়বে তাপমাত্রা

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
প্রকাশের সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬ । ৬:৩৩ অপরাহ্ণ

জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতীয় উপমহাদেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বাংলাদেশের জন্য এই বার্তা উদ্বেগজনক, কারণ দেশের কৃষি ও খাদ্যব্যবস্থা এখনো অনেকাংশে মৌসুমি বৃষ্টির ওপর নির্ভরশীল। এমন পূর্বাভাস দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা।

দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় খরার কারণে কৃষি উৎপাদন কমে যেতে পারে। একই সময়ে হরমুজ প্রণালীতে চলমান সংকটের কারণে সার সরবরাহেও বিঘ্ন ঘটছে। ফলে খাদ্য উৎপাদন কমে যাওয়া এবং খাদ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান বলেন, এল নিনোর প্রভাব বাংলাদেশে সরাসরি দৃশ্যমান না হলেও এর জলবায়ুগত অভিঘাত অত্যন্ত বাস্তব।

বাংলাদেশের উত্তরাঞ্চলের বরেন্দ্র অঞ্চলকে দেশের সবচেয়ে খরাপ্রবণ এলাকা হিসেবে ধরা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়–এর গবেষক তনয় সরকার, সেলিম রেজা ও রনি রায়ের গবেষণায় দেখা গেছে, ১৯৮১ থেকে ২০২৪ পর্যন্ত তাপমাত্রা, মাটির আর্দ্রতা এবং ভূগর্ভস্থ পানির তথ্য বিশ্লেষণ করে বরেন্দ্র অঞ্চলে তাপপ্রবাহের সময়কাল ও তীব্রতা ক্রমেই বাড়ছে।

শুধু বরেন্দ্র নয়, উপকূলীয় এলাকাও ঝুঁকির বাইরে নয়। ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রের সাম্প্রতিক এক গবেষণায় সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অঞ্চলের দীর্ঘমেয়াদি আবহাওয়া বিশ্লেষণ করে দেখা গেছে, এল নিনোর বছরগুলোতে ওই অঞ্চলে বৃষ্টিপাত কমে এবং তাপমাত্রা বাড়ে।

সেভ দ্য চিলড্রেন ও রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেমের (রাইমস) ২০২৪ সালের এক মাঠপর্যায়ের মূল্যায়নে দেখা গেছে, উত্তরাঞ্চলের খরা ও তাপপ্রবাহে শিশুদের স্কুলে উপস্থিতি কমেছে, নিরাপদ পানির সংকট বেড়েছে এবং অপুষ্টির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।

ওয়াটারকিপার্স বাংলাদেশের কর্মীরা বলছেন, নদীর প্রবাহ কমে গেলে দূষণের ঘনত্ব বেড়ে যায়। এতে মাছের উৎপাদন কমতে পারে এবং জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিবেশকর্মী শরীফ জামিল বলেন, বাংলাদেশে এল নিনোর প্রভাব মানে শুধু গরম বাড়া নয়; এর মানে খাদ্য উৎপাদনে চাপ, পানির ওপর বাড়তি চাপ, আর দরিদ্র মানুষের জীবিকা আরও অনিশ্চিত হয়ে পড়া। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে এল নিনোর সবচেয়ে বড় ঝুঁকি চারটি জায়গায় কৃষি, পানি, স্বাস্থ্য ও খাদ্যের দাম।

কালের আলো/এম/এএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন