কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৬ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী মাটিচাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, পাহাড়ধসের সময় মাদ্রাসাভবনের ভেতরে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন। আকস্মিকভাবে পাহাড়ের একটি অংশ ভবনের ওপর ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। তার ভাষ্য অনুযায়ী, পাহাড়ধসে আনুমানিক আরও ২০ জন শিক্ষার্থী চাপা পড়ে আছে, আমরা উদ্ধার কাজ চলমান রেখেছি।
উদ্ধারকাজ চলমান থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়রাও উদ্ধার অভিযানে সহায়তা করছেন।
এর আগেও কক্সবাজারে পাহাড়ধসে ১২ জন প্রাণ হারিয়েছেন। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করায় রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশ এ ধরনের দুর্ঘটনার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬ । ৫:৪৩ অপরাহ্ণ