আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ৫:০৬ অপরাহ্ণ

ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার (৮ জুলাই) জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিটে (আনকপস ২০২৬) দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনের নিরাপত্তা চ্যালেঞ্জ গতানুগতিক সক্ষমতা দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়। তিনি বলেন, আন্তঃসীমান্ত অপরাধ চক্রের ক্রমবর্ধমান বিস্তার ও জটিলতা মোকাবিলায় উচ্চ দক্ষতাসম্পন্ন জনবল, বিশেষায়িত সক্ষমতা এবং উদ্ভাবনী পদ্ধতির উন্নয়ন ও প্রয়োগে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অবদানের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ ইউনিটগুলোকে আরও সক্ষম ও প্রস্তুত করে তুলতে বাংলাদেশ উল্লেখযোগ্য সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান, দক্ষতা ও উত্তম অনুশীলনের আদান-প্রদান জোরদারে একটি ‘জাতিসংঘ পুলিশ নলেজ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক’ গঠনেরও প্রস্তাব দেন।

জলবায়ু পরিবর্তনকে উদীয়মান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদারে একটি বার্ষিক ‘এনভায়রনমেন্ট পুলিশিং কনফারেন্স’ আয়োজনের প্রস্তাবও যুক্ত করেন।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন