বিগত বছরগুলোর তুলনায় এ বছর মশার উপদ্রব কমেছে বলে মনে করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর মিরপুর পীরেরবাগে পানির পাম্প স্থাপনের স্থান পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন কার্যক্রম ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। যারফলে অন্যান্য বছরের তুলনায় এ বছর মশার উপদ্রব অনেকাংশে কমে গেছে।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানিয়ে প্রশাসক বলেন, সিটি করপোরেশন ২০২৮ সালের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বর্জ্য থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে।
পীরেরবাগে পানির পাম্প স্থাপনের বিষয়ে তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে এখানে পানির পাম্প নির্মাণের কাজ শুরু হবে। এতে এই এলাকার পানি সংকট অনেকটাই সমাধান হবে।
কালের আলো/আরডি/এমডিএইচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ৯:০১ অপরাহ্ণ