তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার (১১ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব বলেন।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, জিয়াউর রহমান সরকার, বেগম খালেদা জিয়ার সরকারের যে স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, বর্তমান সরকারের সময় তা প্রমাণ করতে হবে। অন্য অনেক সরকার সময়ের ব্যবধানে হারিয়ে গেছে। কিন্তু বিএনপির সরকার, শহীদ জিয়ার সরকার ও জাতীয়তাবাদের সরকার কখনও হারিয়ে যায় না।
আয়োজকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ক্ষমতা এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে জনগণ আমাদের প্রতি অসন্তুষ্ট না হন।
প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। অনুষ্ঠানে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
কালের আলো/এসআর/এএএন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬ । ৬:৫২ অপরাহ্ণ