মেধাবীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সমৃদ্ধ ও উন্নত দেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী

রাজশাহী প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬ । ৬:৫৫ অপরাহ্ণ

মেধাবীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ভবিষ্যতে এমন মানুষ তৈরি হবে, আজকের মেধাবীরা আগামী দিনে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

শনিবার (১১ জুলাই) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজশাহী শিক্ষা, মেধা ও সুশৃঙ্খল পরিবেশের জন্য দেশজুড়ে বিশেষ মর্যাদা অর্জন করেছে এবং আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।

ভূমি মন্ত্রী বলেন, যে জাতি মেধাবীদের সম্মান করতে পারে না সে জাতি কখনো সফল হতে পারেনা। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকদের অবদান অপরিসীম। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জেলা পরিষদের এ উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন