ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে সংগঠিত শ্রমিক নেতা মানিক হত্যাকান্ডের ঘটনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো: হাবিবুল ইসলাম খান শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি। সরকার এবং বিএনপির ভাবমূতি ক্ষুৃন্ন করতেই একটি ষড়যন্ত্রকারী মহলের ইন্ধনে এই সংবাদ প্রকাশ করা হয় বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
শনিবার (১১ জুলাই) দুপুর ১টায় জেলার গৌরীপুর প্রেসক্লাবে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন বিএনপি নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি জাতীয় প্রত্রিকার অনলাইন এবং প্রিন্ট ভার্সনে সম্প্রতি গৌরীপুরে সংগঠিত শ্রমিক ইউনিয়ন নেতা মানিক হত্যাকান্ডের ঘটনায় দুইটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের পৃথক পৃথক একটি অংশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো: হাবিবুল ইসলাম খান শহীদকে ঘটনার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় এখন পর্যন্ত উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক বহিস্কার হয়নি বলে উদ্দেশ্যমূলক প্রশ্ন তোলা হয়। যা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে উদ্দেশ্যমূলক অপপ্রচার। এটি সাধারণ মহলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি বিএনপি এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়কের রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার ঘৃন্য অপচেষ্টা।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো: হাবিবুল ইসলাম খান শহীদ অভিযোগ করে বলেন, শ্রমিক নেতার হত্যাকান্ডে ঘটনার বিষয়ে প্রকাশিত সংবাদে আমাকে জড়ানোর চেষ্টা করা হলেও সাংবাদিকতার নিয়ম মানা হয়নি, আমার কোন বক্তব্যও নেওয়া হয়নি। এতে মূলত হত্যাকান্ডের মূল ঘটনা আড়াল করতে চক্রান্তকারী মহলের ইন্ধনে অসত্য তথ্য প্রকাশ করে বর্তমান সরকারের ভাবমূতি ক্ষুন্নের পাশাপাশি বিএনপি এবং আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন বা ক্ষতিগ্রস্থ করার অপচেষ্টা করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলা হয়, যেকোন ধরনের হত্যা, নাশকতা ও অরাজকতার বিরুদ্ধে বিএনপির অবস্থান স্পষ্ট। কিন্তু সম্প্রতি গৌরীপুরে সংগঠিত শ্রমিক নেতা মানিক হত্যাকান্ডের ঘটনায় সামাজিকভাবে ঘাপটি মেরে থাকা গুপ্ত ও ফ্যাসিস্ট চক্রের ইন্ধনে একটি ষড়যন্ত্রকারী মহল এই অপপ্রচারে লিপ্ত রয়েছে। এ ঘটনায় উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি অবিলম্বে এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুস সোবাহান সুলতান, কামাল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান কবির হিরা, জয়নাল আবেদীন খোকনসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কালের আলো/এম/এএইচ

ময়মনসিংহ প্রতিবেদক:
প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬ । ৭:০৩ অপরাহ্ণ