কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ গ্রেফতার: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬ । ৭:২৯ অপরাহ্ণ

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ শিকদারকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাব-৪।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় র‍্যাব-৪ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, র‍্যাব-৪ অভিযান পরিচালনা করে শুক্রবার (১০ জুলাই) বিকালে রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুল্লাহ শিকদারকে (২৪) গ্রেফতার করে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. আব্দুল্লাহ শিকদার গোপালগঞ্জের একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে ২৩ ডিসেম্বর ২০২৩ সাল থেকে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে বন্দি ছিল। ২০২৪ সালে সরকার পতনের পর সহিসংতা ও উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতিতে ৬ আগস্ট সকালে কারাগারের ভবন থেকে কারাবন্দিরা বের হয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। বন্দিরা কারাগারের ভিতরে কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে কারাবন্দী আব্দুল্লাহ শিকদারসহ অন্য বন্দীরা বৈদ্যুতিক পিলার ভেঙে মই তৈরি করে সীমানা প্রাচীর টপকে সে সহ অনেক কারাবন্দী পালিয়ে যায়। ওই ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে কোনাবাড়ী থানায় জেল পলাতক আসামিদের নামে একটি মামলা দায়ের করে।

তিনি বলেন, ওই ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনার পর থেকে র‍্যাব পলাতক বন্দীদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ শিকদার কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর গ্রেফতার এড়াতে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসবাস করছিল। পরবর্তীতে গোয়েন্দা ও তথ্য-প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হই সে দারুস সালাম থানা এলাকায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে র‍্যাব-৪ তাকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, আব্দুল্লাহ শিকদার তার অপর ২ সহযোগীসহ সুদের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ২০২১ সালের ৭ অক্টোবর প্রতিবেশী লুৎফর রহমানকে হাতুড়ি ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানায় মামলা রুজু করা হয়। পরে আদালত আসামি আব্দুল্লাহ শিকদারসহ ৩ জনকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। এরপর থেকে তারা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে ছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। আর অন্যদের গ্রেফতার আমাদের চেষ্টা অব্যাহত আছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন