বিদ্যুৎ বিলিং ব্যবস্থাকে আরও আধুনিক, নির্ভুল ও স্বচ্ছ করতে সারাদেশে ধাপে ধাপে চালু হচ্ছে ইন্টিগ্রেটেড কনজ্যুমার বিলিং সিস্টেম (আইসিবিএস)। এই সফটওয়্যার পুরোপুরি বাস্তবায়িত হলে ভুতুড়ে বিলের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং গ্রাহকসেবার মান আরও উন্নত হবে বলে জানিয়েছেন আরপিসিএলের পরিচালক ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অতিরিক্ত দায়িত্বে থাকা সদস্য (বিতরণ ও পরিচালন) মোঃ শফিকুর রহমান।
শনিবার (১১ জুলাই) সকালে ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টারে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ আয়োজিত ‘আইসিবিএস বিলিং সফটওয়্যার বাস্তবায়ন বিষয়ক’ দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শফিকুর রহমান আরও বলেন, আইসিবিএস বিলিং সফটওয়্যার সম্পূর্ণ অনলাইনভিত্তিক একটি আধুনিক বিলিং ব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহকের বিদ্যুৎ বিল প্রণয়ন, তথ্য সংরক্ষণ, বিল সংশোধন ও সেবাপ্রদান প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নির্ভুল হবে। একই সঙ্গে বিল সংক্রান্ত যেকোনো অসঙ্গতি দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।
তিনি বলেন, “ভুতুড়ে বিল নিয়ে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠে আসে। আইসিবিএস চালু হলে এ ধরনের সমস্যার পরিমাণ অনেকাংশে কমে যাবে। সফটওয়্যারে প্রতিটি কার্যক্রমের ডিজিটাল রেকর্ড সংরক্ষিত থাকবে। ফলে কোথায়, কীভাবে এবং কার মাধ্যমে ভুল হয়েছে, তা সহজেই শনাক্ত করা যাবে। এতে যেমন জবাবদিহিতা নিশ্চিত হবে, তেমনি গ্রাহকদের অপ্রয়োজনীয় হয়রানিও কমে আসবে। আমরা কখনোই গ্রাহককে হয়রানি করতে চাই না। আমাদের লক্ষ্য হচ্ছে দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করা।”
তিনি আরও জানান, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ হলো দেশের ৩৮তম পল্লী বিদ্যুৎ সমিতি, যেখানে আইসিবিএস সফটওয়্যার বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে এবং প্রতি মাসে গড়ে চারটি সমিতিতে আইসিবিএস চালু করা হচ্ছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী বছরের জুলাই মাসের মধ্যে দেশের সব পল্লী বিদ্যুৎ সমিতি আইসিবিএসের আওতায় চলে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নতুন প্রযুক্তি বাস্তবায়নে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “যেকোনো প্রযুক্তিনির্ভর কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সে কারণেই প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা দক্ষতার সঙ্গে আইসিবিএস পরিচালনা করতে পারেন এবং গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে সক্ষম হন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর করতে আইসিবিএস একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই সফটওয়্যার চালুর মাধ্যমে বিলিং ব্যবস্থা আরও আধুনিক, দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ হবে। পাশাপাশি গ্রাহকসেবার মান বৃদ্ধি, সেবা প্রদানের সময় কমানো এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে সেবার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর এজিএম (প্রশাসন) সদর দপ্তরের শাইখ মাহমুদ। অনুষ্ঠানে আইসিবিএস সফটওয়্যারের বিভিন্ন কার্যক্রম, প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ভিডিও উপস্থাপনা করেন প্রকল্প ব্যবস্থাপক মাহফুজুল আলম। তিনি সফটওয়্যারের বিভিন্ন সুবিধা তুলে ধরে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা প্রদান করেন।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে আইসিবিএস বিলিং সফটওয়্যারের ব্যবহার, গ্রাহক তথ্য ব্যবস্থাপনা, বিল প্রস্তুত ও সংশোধন, অভিযোগ নিষ্পত্তি, অনলাইন সেবা প্রদান, তথ্য নিরাপত্তা এবং সফটওয়্যার পরিচালনার বিভিন্ন বিষয়ে কর্মকর্তা ও কর্মচারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে বাস্তব অভিজ্ঞতা বিনিময়, প্রশ্নোত্তর পর্ব এবং ব্যবহারিক অনুশীলনেরও আয়োজন করা হয়।
কর্মশালায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী, কারিগরি কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
কালের আলো/এম/এএইচ

মোঃ শামসুল আলম খান:
প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬ । ৭:৫৬ অপরাহ্ণ