বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আদালতে জামায়াতের নেতাদের পক্ষে দাঁড়িয়েছিলেন উল্লেখ করে দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘তাঁকে জোর করেও কোনো ফি দেওয়া যায়নি। তিনি বলতেন, এটি তাঁর নৈতিক দায়িত্ব—মজলুমদের পাশে দাঁড়ানো।’
রোববার (১২ জুলাই) ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেওয়া এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী এবং পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে পেশাগত ও রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালে তিনি সর্বমহলে সমাদৃত ছিলেন।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের ওপর যখন আইনি নিপীড়ন চালানো হয়েছিল, তখন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তাঁদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।’
ডা. শফিক আরও বলেন, ‘জামায়াতের নেতাদের পক্ষে আদালতে দাঁড়িয়ে তিনি কোনো সম্মানী গ্রহণ করেননি। বরং তিনি বলতেন, ‘এটি আমার নৈতিক দায়িত্ব—এই মজলুমদের পাশে দাঁড়ানো।’ এ জন্য তার প্রতি আমরা গভীর কৃতজ্ঞ।’
বিরোধী দলীয় নেতা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাঁর দোষ-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। একইসঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
কালের আলো/এসআর/এএএন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬ । ৩:৪২ অপরাহ্ণ