পরিবেশ রক্ষায় উদ্যোগী নৌবাহিনী, পরিবেশবান্ধব বাংলাদেশে গুরুত্ব নৌবাহিনী প্রধানের

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬ । ৬:২৩ অপরাহ্ণ

বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন বিপন্ন করছে জীবনকে। প্রতি বছর লাখ লাখ গাছ কাটা হচ্ছে নগরায়ণ, কৃষি সম্প্রসারণ ও কাঠের জন্য। এই অপূরণীয় ক্ষতি রোধ করতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশবান্ধব জীবনধারা অপরিহার্য। বর্ষাকালে বৃক্ষরোপণ এই পরিবর্তনের মোকাবিলায় সহায়তা করে। প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করেছেন। সরকারের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ নৌবাহিনী বৃক্ষরোপণ ও বনায়নের ক্ষেত্রেও পালন করছে উদ্যোগী ভূমিকা।

দেশে সবুজ বৃক্ষরাজিই যে অস্তিত্বের অনুষঙ্গ সেই বিষয়ে সচেতনতা গড়ার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতেও নিজেদের এগিয়ে রেখেছে তাঁরা। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য ধারণ করে বর্ষায় সবুজের রূপকে আরও উজ্জ্বল এবং বিকশিত করতে রবিবার (১২ জুলাই) নৌবাহিনী সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্বারোপ করেন। এ সময় নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, নৌ অঞ্চলসমূহের আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, চলতি বছরের বৃক্ষরোপণ অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দেশের সকল নৌ ঘাঁটি, স্থাপনা এবং উপকূলীয় এলাকাসমূহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নৌবাহিনী প্রধান সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযান বাস্তবায়নে প্রত্যেক নৌসদস্যকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহবান জানান। এতে গড়ে উঠেব একটি সবুজ, জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব বাংলাদেশ। এছাড়াও সকল নৌ ঘাঁটি, উপকূলীয় স্থাপনা ও এলাকাসমূহে ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণের মাধ্যমে এই অভিযান বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনী।

কালের আলো/এমএএএমকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন