৪৪ বছর বয়সে মার্কিন অভিনেতার আত্মহত্যা

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ । ১১:৫৩ পূর্বাহ্ণ

মার্কিন অভিনেতা ও ব্রডওয়ে তারকা জশ গ্রিসেটি আর নেই। গত শুক্রবার (১০ জুলাই) ৪৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী রব ম্যাকক্লুর সামাজিক মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (১৩ জুলাই) দেওয়া এক পোস্টে রব ম্যাকক্লুর গভীর শোক প্রকাশ করে জানান, জশের মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন। একই সঙ্গে তিনি অভিনেতার স্ত্রী ও পরিবারের প্রতি সমবেদনা জানান।

জশের আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে হলিউড ও ব্রডওয়ে অঙ্গনে। তাঁর দীর্ঘদিনের এজেন্ট রিক ফেরারি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলি কে বলেন, তিনি এ ঘটনায় গভীরভাবে মর্মাহত এবং এ মুহূর্তে ভাষাহীন।

টনি পুরস্কারজয়ী অভিনেত্রী ডোনা মারফি জশকে একজন অসাধারণ প্রতিভাবান শিল্পী হিসেবে স্মরণ করেছেন। জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী লিয়া সালোঙ্গা, রেচেল জেগলারসহ বিনোদন জগতের অনেকেই সামাজিক মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন।

মিউজিক্যাল নাটক ডিনার-এ জশের সহ-অভিনেত্রী এরিকা হেনিংসেনও স্মৃতিচারণ করে জানান, জশ ছিলেন একজন প্রাণবন্ত ও অনুপ্রেরণাদায়ী মানুষ, যিনি সহকর্মীদের জীবনে ইতিবাচক প্রভাব রেখেছেন।

১৯৮১ সালের ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জন্মগ্রহণ করেন জশ গ্রিসেটি। বোস্টন কনজারভেটরি থেকে মিউজিক্যাল থিয়েটারে পড়াশোনা শেষে ব্রডওয়ের একাধিক জনপ্রিয় প্রযোজনায় অভিনয় করেন তিনি। বিশেষ করে Something Rotten! নাটকে নাইজেল বটম চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি ও দর্শকপ্রিয়তা অর্জন করেন।

জশ গ্রিসেটির মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর শিল্পীসত্তা ও অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন