বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে দুই দলের কথার লড়াইও জমে উঠেছে। স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের আত্মবিশ্বাসী মন্তব্যের জবাব দিয়েছেন ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। তাঁর স্পষ্ট বার্তা—ফ্রান্স কাউকে ভয় পায় না, জবাব দেওয়া হবে মাঠের খেলায়।
সম্প্রতি ইয়ামাল বলেছিলেন, ‘যদি কেউ ভয় পায়, তাহলে ফ্রান্সেরই পাওয়া উচিত। ইউরোতে আমরা তাদের হারিয়েছি।’ স্প্যানিশ এই উইঙ্গারের মন্তব্য ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা।
তবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোনাতে জানিয়েছেন, বাইরের এসব মন্তব্য নিয়ে ফ্রান্সের ড্রেসিংরুমে কোনো আলোচনা নেই।
তিনি বলেন, ‘সত্যি বলতে, ম্যাচ নিয়ে বাইরে যা বলা হচ্ছে, সেদিকে আমাদের কোনো মনোযোগ নেই। কে কী বলছে, সেসব আমরা শুনছি না। আমাদের কাউকে ভয় পাওয়ারও কোনো কারণ নেই।’
ফরাসি এই ডিফেন্ডার আরও বলেন, ‘এই পর্যায়ে এসে সবচেয়ে জরুরি বিষয় হলো বিনয়ী থাকা। টুর্নামেন্টের শুরু থেকে যে নম্রতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, সেটাই ধরে রাখতে চাই। তারা যা খুশি বলতে পারে। আমরা ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি এবং আশা করি শেষ পর্যন্ত ফল আমাদের পক্ষেই থাকবে।’
ইয়ামালের প্রতিভার প্রশংসা করলেও কোনাতে মনে করেন, স্পেনকে হারাতে হলে শুধু একজন খেলোয়াড়কে আটকে রাখলেই চলবে না।
তিনি বলেন, ‘আমরা শুধু লামিনকে নিয়ে ভাবছি না। স্পেন দারুণ একটি দল। তাদের অনেক প্রতিভাবান ফুটবলার আছে। কেবল একজনকেই থামানোর পরিকল্পনা করলে হবে না। পুরো দলই আপনাকে সমস্যায় ফেলতে পারে।’
ফ্রান্সের এবারের পারফরম্যান্সের কৃতিত্বও তিনি দিয়েছেন পুরো দলকে। কোনাতের ভাষায়, দলের শুরুর একাদশ থেকে বেঞ্চের খেলোয়াড়—সবাই সমান অবদান রাখছেন, আর সেটিই তাদের সবচেয়ে বড় শক্তি।
তবে স্পেনের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান ফ্রান্সের পক্ষে নয়। ২০২৪ ইউরো সেমিফাইনালের পর ২০২৫ সালের উয়েফা নেশনস লিগেও স্প্যানিশদের কাছে হারতে হয়েছিল দিদিয়ের দেশমের দলকে। এবার সেই হিসাব চুকানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে লে ব্লুরা।
আগামী ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের ডালাসে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচের বিজয়ী দল ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে।
কালের আলো/এসএ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ । ১২:১৮ অপরাহ্ণ