দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং দেশের অন্যান্য এলাকায় মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় বিরাজ করছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। তাই ভারি বৃষ্টির সময় জলাবদ্ধতা, পাহাড়ধস ও বজ্রপাতের মতো দুর্যোগ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, বৃষ্টির পাশাপাশি সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়। সেখানে ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
কালের আলো/এসএ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ । ১:০৫ অপরাহ্ণ