ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঙ্গে ঢাকা-৫ ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নগর ভবনে অনুষ্ঠিত এ সভায় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন অংশ নেন। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় রাজধানীর দখলকৃত খাল ও খেলার মাঠ উদ্ধার, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুটপাত দখলমুক্ত করা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও মশক নিধন কার্যক্রমসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া বাসাবাড়ির ময়লার অতিরিক্ত বিল সংক্রান্ত বিষয় নিয়েও মতবিনিময় করা হয়। উন্নয়ন কার্যক্রমের সঠিক তদারকি, জবাবদিহিতা নিশ্চিত করা এবং আঞ্চলিক কার্যালয়গুলোর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন দুই সংসদ সদস্য।
সংসদ সদস্যদের উপস্থিতিকে স্বাগত জানিয়ে ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম বলেন, উল্লেখিত সমস্যাগুলো সমাধান এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
বৈঠকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মজলিসে শুরা সদস্য ও যাত্রাবাড়ী থানা আমীর মো. শাজাহান খান, ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলী, ডেমরা পূর্ব থানা আমীর ইঞ্জিনিয়ার তমিজ উদ্দিন সোহরাওয়ার্দী, শাহাদাত হোসেন হেলাল, মো. নজরুল ইসলাম, মাওলানা জুনাইদ আহমেদ, মুহাম্মদ যাকীর হুসাইন, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান চৌধুরী, শামসুল হুদা পলাশ ও মো. মোস্তাফিজুর রহমানসহ অনেকে।
কালের আলো/এসএ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ । ৩:৩০ অপরাহ্ণ