বাংলাদেশকে উদ্দেশে করে বিশেষ বার্তা আর্জেন্টাইন কোচের

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ১২:০৮ অপরাহ্ণ

বিশ্বকাপের মাঠে বাংলাদেশের পতাকা উড়ছে না, কিন্তু বাংলাদেশের উন্মাদনা বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সেমিফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে সরাসরি বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে বললেন, এত দূর থেকেও তোমরা আমাদের অবাক করে দাও।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশের মানুষদের অনেক অনেক ধন্যবাদ। তারা সবসময় আমাদের অবাক করে। এত দূরে থেকেও আর্জেন্টিনাকে এভাবে সমর্থন করাটা সত্যিই অসাধারণ। জার্সি গায়ে তাদের ছবি দেখতে খুব ভালো লাগে। আমরা যদি আরেকটা আনন্দ তাদের দিতে পারি, তাহলে আমরাও খুব খুশি হব।”

বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার প্রতিটি ম্যাচের পর ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে যে উৎসব হয়, তা বিশ্বমিডিয়ার নজর কেড়েছে। রাস্তায় মিছিল, আতশবাজি, নাচ-গান আর আলবিসেলেস্তে জার্সিতে ভরে যায় পুরো এলাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দৃশ্য ভাইরাল হয়ে আন্তর্জাতিক টেলিভিশনেও বারবার প্রচারিত হয়েছে। স্কালোনি নিজেও এসব ছবি দেখেছেন এবং মুগ্ধ হয়েছেন।

আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে স্পেন ইতোমধ্যে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবার ফাইনালে জায়গা করে নিতে চায়।

‎কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন