ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সুবিধা দেয় এমন আঞ্চলিক জ্বালানি রপ্তানি করিডর চালু থাকলে অন্য করিডরও বন্ধ করে দেওয়া হতে পারে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে বুধবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, “আঞ্চলিক জ্বালানি রপ্তানির সুবিধা হয় সবাই পাবে, না হয় কেউই পাবে না।” বিশ্লেষকদের মতে, এ বক্তব্যের মাধ্যমে ইয়েমেনের হুতি গোষ্ঠীর মাধ্যমে বাব-এল-মান্দেব প্রণালিতে নতুন করে চাপ সৃষ্টি করার ইঙ্গিত দেওয়া হয়েছে।
এর আগে ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দেয়। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নতুন করে অবরোধ আরোপ এবং হরমুজের আশপাশে সামরিক অভিযান চালানোর কথা জানায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তারা ইরানের উপকূলীয় এলাকায় কয়েক ডজন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
এদিকে হুতি গোষ্ঠীও সতর্ক করে বলেছে, সৌদি আরব ইয়েমেনে সামরিক অভিযান অব্যাহত রাখলে তারা বাব-এল-মান্দেব প্রণালি বন্ধ করার পদক্ষেপ নিতে পারে। তাদের দাবি, এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ২০০ ডলারে পৌঁছাতে পারে।
বিশ্লেষকদের মতে, হরমুজ ও বাব-এল-মান্দেব—বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ—একযোগে ঝুঁকির মুখে পড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, নৌপরিবহন এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
কালের আলো/এসএ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ৩:৩৯ অপরাহ্ণ