এইচএসসি শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ৩:৪৮ অপরাহ্ণ

রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব মোড় ও মিরপুর-১০ এলাকায় পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে তারা বিভিন্ন সড়কে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তারা কর্মসূচি চালিয়ে যান। ফলে সংশ্লিষ্ট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ গণমাধ্যমকে জানান, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে পুলিশ সতর্ক রয়েছে এবং তাদের সড়ক ছাড়ার অনুরোধ জানানো হচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার (১৩ জুলাই) চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থীকে কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এদিকে, শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে অভিযোগ ওঠে যে, তিনি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করেছেন। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ নিয়েও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

এসব ঘটনার পর শিক্ষার্থীরা প্রথমে আট দফা এবং পরে তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে ছিল—উপযুক্ত পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর প্রদান এবং শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া।

মঙ্গলবার রাতে সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন এবং পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন। তবে এতে শিক্ষার্থীদের আন্দোলন থামেনি। তারা এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন এবং সেই দাবিতে নতুন কর্মসূচি পালন করছেন।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন