যৌন নিপীড়ন মামলায় ক্ষতিপূরণ দিতে বাধ্য হলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ৪:৩১ অপরাহ্ণ

যৌন নিপীড়ন ও মানহানির মামলায় লেখিকা ই. জিন ক্যারলকে ৫৬ লাখ ২০ হাজার ডলারের বেশি ক্ষতিপূরণ পরিশোধ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের নির্দেশনা অনুযায়ী এই অর্থ পরিশোধ করা হয়েছে বলে মঙ্গলবার (১৪ জুলাই) ক্যারলের আইনজীবীরা জানিয়েছেন।

ক্যারলের আইনজীবী রবার্টা ক্যাপলান জানান, ট্রাম্প ৫০ লাখ ডলারের মূল ক্ষতিপূরণের পাশাপাশি আপিল চলাকালে জমা হওয়া সুদের অর্থও পরিশোধ করেছেন।

মামলায় ক্যারলের অভিযোগ ছিল, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে নিউইয়র্কের ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের পোশাক পরিবর্তনের কক্ষে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন। পরে ২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগটি অস্বীকার করেন। ক্যারলের দাবি, ওই বক্তব্যের মাধ্যমে তাঁর মানহানি করা হয়েছে।

২০২৩ সালে নিউইয়র্কের একটি জুরি ট্রাম্পকে যৌন নিপীড়ন ও মানহানির দায়ে ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। ট্রাম্প ওই রায়ের বিরুদ্ধে আপিল করলেও ফেডারেল আপিল আদালত পরে নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখে।

এরপর মামলাটি পুনর্বিবেচনার জন্য যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করা হলেও তা খারিজ হয়ে যায়। আদালতের নির্দেশনা অনুযায়ী এরপর ট্রাম্প ক্ষতিপূরণের পুরো অর্থ পরিশোধ করেন।

তবে শুরু থেকেই তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। তাঁর আইনজীবীদের দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এদিকে, ২০২৪ সালে আরেকটি মানহানি মামলায় ট্রাম্পের বিরুদ্ধে প্রায় ৮ কোটি ৪০ লাখ ডলার ক্ষতিপূরণের রায় হয়। ওই রায়ের বিরুদ্ধেও তিনি এখনো আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

কালের আলো/এসএ 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন