চট্টগ্রামে দুই কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চকবাজার থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোহাম্মদ ইউনুস, ইমরান হোসেন, আকবর হোসেন, মোহাম্মদ সুমন, মোহাম্মদ মনির, গিয়াস উদ্দিন, মোহাম্মদ নয়ন ও আবদুল নাহিদ।
বুধবার বিকেলে নগরের দামপাড়া পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও মাদক আইনে চার থেকে পাঁচটি করে মামলা রয়েছে।
সিসিটিভি ফুটেজের মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
এদিকে, হামলার ঘটনায় গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি অডিও ছড়িয়ে পড়ে। সেখানে ‘ইমন’ পরিচয়ে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, তাঁরা ছুরি বা কিরিচ নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করেন না এবং তাঁদের হামলার ধরন সম্পর্কে পুরো চট্টগ্রামবাসী জানে।
এ বিষয়ে ফয়সাল আহমেদ বলেন, সন্ত্রাসীরা নিজেদের রক্ষা করতে বিভিন্ন ধরনের বক্তব্য দিতে পারে। তিনি জানান, অস্ত্রবাজির ঘটনায় জড়িত অনেককেই এর আগে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গত সোমবার দুপুরে নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই চকবাজার থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়।
মামলার এজাহারে বলা হয়, চাঁদা না দেওয়ায় সশস্ত্র সন্ত্রাসীরা প্রতিষ্ঠানটিতে হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করে প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রবেশ করে। তারা কম্পিউটার, কর্মকর্তা-কর্মচারীদের মুঠোফোন ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। হামলাকারীদের একজনকে কুড়াল দিয়ে কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামে আঘাত করতেও দেখা যায়।
এ ঘটনার প্রতিবাদে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।
মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আইএসপিএবির সদস্যরা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করলে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধের হুঁশিয়ারি দেন। পরে একই দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন চট্টগ্রামের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা-কর্মচারী।
কালের আলো/এসএ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ৪:৫০ অপরাহ্ণ