জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণে নতুন পরিবর্তন এসেছে। ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে নতুন বার্তা অ্যানিমেশন সুবিধা, যেখানে পাঠানো মেসেজ আগের মতো সরাসরি চ্যাটবক্সে দেখা যাচ্ছে না। নতুন ব্যবস্থায় মেসেজ বাবল ডান পাশ থেকে অ্যানিমেশনের মাধ্যমে ভেসে এসে চ্যাটে যুক্ত হচ্ছে।
হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা না দিলেও নতুন এই ফিচার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী নতুন অ্যানিমেশনকে অপ্রয়োজনীয় ও বিরক্তিকর বলে মন্তব্য করেছেন।
খুদে ব্লগ লেখার প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) অনেকে এ পরিবর্তন নিয়ে নিজেদের অসন্তোষ জানিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, নতুন অ্যানিমেশনটি দেখতে অস্বস্তিকর এবং এটি চ্যাটিংয়ের অভিজ্ঞতা কিছুটা বিঘ্নিত করছে। আরেকজনের মতে, বার্তা পাঠানোর সময় এই অতিরিক্ত অ্যানিমেশন কোনো প্রয়োজন ছাড়াই যুক্ত করা হয়েছে।
তবে চাইলে ব্যবহারকারীরা নতুন এই অ্যানিমেশন বন্ধ করে আগের অভিজ্ঞতায় ফিরে যেতে পারবেন। এজন্য হোয়াটসঅ্যাপের সেটিংস মেনুতে গিয়ে অ্যাপিয়ারেন্স অপশন নির্বাচন করতে হবে। এরপর অ্যানিমেশনস বিভাগে গিয়ে মেসেজেস টগল বন্ধ করে দিলেই মেসেজ পাঠানোর সময় আর কোনো অ্যানিমেশন দেখা যাবে না।
এদিকে ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়াতে ‘ইউজারনেম’ সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধা চালু হলে ফোন নম্বর প্রকাশ না করেও ইউজারনেমের মাধ্যমে অন্য ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করা যাবে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নতুন অ্যানিমেশনটি ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করার উদ্দেশ্যে আনা হলেও অনেকের কাছে এটি অপ্রয়োজনীয় পরিবর্তন হিসেবে ধরা পড়ছে।
সূত্র: ডেইলি মেইল
কালের আলো/এসএ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ৫:২১ অপরাহ্ণ