দেশের ক্রিকেটের সর্বোচ্চ চেয়ারে বসার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক অঙ্গনে বড় চমক দিলেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই আইসিসির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়েছেন তিনি।
শুধু দায়িত্বই নয়, ক্রিকেটের পরাশক্তি হিসেবে পরিচিত ‘বিগ থ্রি’ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার শীর্ষ কর্তারা এখন কাজ করবেন বাংলাদেশের এই কিংবদন্তি সাবেক অধিনায়কের অধীনে! বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তামিমকে তাদের নবগঠিত ‘ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি’-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে।
বর্তমান সময়ে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি বা টি-টেন লিগগুলোর ব্যাপক আধিপত্য চলছে। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ এবং খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তা কিছুটা হুমকির মুখে পড়েছে বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা। এসব জটিলতা নিরসনে এবং আন্তর্জাতিক ক্রিকেটের সাথে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ভারসাম্য রক্ষার্থেই কাজ করবে আইসিসির এই নতুন কমিটি।
এই গুরুদায়িত্ব সামলাতে তামিম ইকবালের নেতৃত্বে কাজ করবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান টড গ্রিনবার্গ এবং নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন।
সম্প্রতি অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় তামিম ইকবালকে বিসিবির নবনির্বাচিত সভাপতি হিসেবে ‘ফুল মেম্বার ডিরেক্টর’-এর আনুষ্ঠানিক স্বীকৃতিও দেওয়া হয়েছে।
তবে বাংলাদেশের জন্য আনন্দের এই সভায় শ্রীলঙ্কার জন্য এসেছে হতাশার খবর। দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত ক্রিকেট বোর্ড গঠন না করা পর্যন্ত আইসিসির কোনো বোর্ড সভায় লঙ্কানরা প্রতিনিধিত্ব করতে পারবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, নিয়ম ভঙ্গের কারণে ফ্রান্স ক্রিকেটকে কড়া সতর্কবার্তায় (অন নোটিশ) রাখা হয়েছে এবং স্থগিতাদেশ থাকা কানাডার সদস্যপদ ফিরে পাওয়ার জন্য নতুন করে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে আইসিসি।
বৈঠকে আর্থিকভাবে ধুঁকতে থাকা ক্যারিবীয় ক্রিকেটের জন্যও একটি দারুণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে ঘুরে দাঁড়াতে সহায়তা করার জন্য ১২.৮২ মিলিয়ন মার্কিন ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫০ কোটি টাকারও বেশি) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে আইসিসি।
এছাড়া, তামিমের নেতৃত্বাধীন কমিটির পাশাপাশি আইসিসি ‘গভর্ন্যান্স রিভিউ কমিটি’ নামে আরও একটি পর্ষদ গঠন করেছে। এই কমিটিতে আপাতত কোনো চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি। তবে সদস্য হিসেবে রাখা হয়েছে বিসিসিআইয়ের দেবজিৎ শইকিয়া, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডা. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ডা. রস রিভাজকে।
কালের আলো/এসআর/এএএন

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ৬:৩৮ অপরাহ্ণ