যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লুটজ এলাকার স্টেইনব্রেনার হাইস্কুলের শিক্ষার্থী বৈভব ভাস্কর ১১.৯৯ জিপিএ অর্জন করে নতুন রেকর্ড গড়েছেন। তাঁর এই ব্যতিক্রমী সাফল্যের পর হিলসবরো কাউন্টি স্কুল বোর্ড জিপিএ গণনার নীতিমালায় পরিবর্তন এনে সর্বোচ্চ জিপিএর একটি সীমা (ক্যাপ) নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, এর আগে ফ্লোরিডায় স্কুল গ্র্যাজুয়েশনে সর্বোচ্চ জিপিএ ছিল ১১.৮৪, যা ২০২২ সালে গেইদার হাইস্কুলের শিক্ষার্থী ডিলান মাজর্ড অর্জন করেছিলেন। বৈভব সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন।
হিলসবরো কাউন্টির প্রচলিত নীতিমালা অনুযায়ী, অ্যাডভান্সড প্লেসমেন্ট (AP) ও ডুয়াল এনরোলমেন্ট কোর্সে ‘এ’ গ্রেড অর্জনকারী শিক্ষার্থীরা প্রচলিত ৪.০ জিপিএর বাইরে অতিরিক্ত বোনাস পয়েন্ট পান। এই সুবিধার কারণে বৈভবের জিপিএ এত উচ্চ পর্যায়ে পৌঁছায়।
উচ্চমাধ্যমিকে পড়ার সময় তিনি ২০টি অ্যাডভান্সড প্লেসমেন্ট কোর্স সম্পন্ন করেন। পাশাপাশি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অনলাইন কর্মসূচির মাধ্যমে ২৪টি ডুয়াল এনরোলমেন্ট কলেজ কোর্স শেষ করে একটি দুই বছর মেয়াদি অ্যাসোসিয়েট ডিগ্রিও অর্জন করেন।
স্থানীয় সংবাদমাধ্যম টাম্পা বে টাইমস-কে বৈভব বলেন, “আমি যখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রথম হতে হবে, তখন সামনে থাকা প্রতিটি সুযোগ কাজে লাগিয়েছি। সবচেয়ে কঠিন কোর্সগুলো নিয়েছি। একসময় স্কুলের পুরো পাঠ্যক্রম শেষ করে ভেবেছিলাম, এরপর আর কী করা যায়।”
আগামী অক্টোবরে তিনি ডিউক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অপেক্ষায় রয়েছেন।
এদিকে বৈভবের রেকর্ডের পর হিলসবরো কাউন্টি স্কুল বোর্ড জিপিএর ওপর সর্বোচ্চ সীমা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছে। নতুন এই নীতিমালা আগামী বছরের স্নাতক ব্যাচ থেকে কার্যকর হবে।
কর্তৃপক্ষের মতে, অতিরিক্ত জিপিএ অর্জনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের অস্বাভাবিক সংখ্যক অনলাইন ও অতিরিক্ত কোর্স নিতে উৎসাহিত করছে, যা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ভবিষ্যতে এই ধরনের প্রতিযোগিতা কমাতে জিপিএতে ‘ক্যাপ’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: ইউপিআই
কালের আলো/এসএ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ । ১০:৫৩ পূর্বাহ্ণ