মেট্রোরেলের নিরাপত্তায় কমিটি কেন?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ । ১২:৫৬ অপরাহ্ণ

রাজধানীতে চলাচলকারী মেট্রোরেলের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও টেকসই পরিচালনা নিশ্চিতে উচ্চ আদালতের নির্দেশে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

কিন্তু কেন এই কমিটি?

গত বছরের ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদ নামে শরিয়তপুরের এক যুবকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। অল্প বয়সেই বিধবা হন ওই যুবকের স্ত্রী। ছোট্ট পুত্রসন্তান হারায় তার বাবাকে।

আলোচিত ওই ঘটনার পর উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি সেফটি অডিট কমিটি গঠন করা হয়।

তদন্ত ও পরিদর্শন শেষে কমিটি ‘আইডেন্টিফিকেশন অব অপারেশনাল রিস্কস, সেফটি অডিট অ্যান্ড স্ট্রাকচারাল ইন্টিগ্রেটি অব দ্য কনস্ট্রাকটেড করিডর অব এমআরটি-৬’ শীর্ষক প্রতিবেদন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের মাধ্যমে আদালতে জমা দেয়।

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালামের মরদেহ

প্রতিবেদন পর্যালোচনা করে উচ্চ আদালত ডিএমটিসিএলকে ২৮টি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেন। এর মধ্যে আটটি স্বল্পমেয়াদি, ১০টি মধ্যমেয়াদি এবং ১০টি দীর্ঘমেয়াদি সুপারিশ রয়েছে।

এছাড়া ডিএমটিসিএলের চলমান ও ভবিষ্যৎ সব এমআরটি প্রকল্পে বাস্তবায়নের জন্য কমিটির আরও ছয়টি কৌশলগত সুপারিশ অনুসরণের নির্দেশ দিয়েছেন আদালত।

এসব নির্দেশনা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সুপারিশ বাস্তবায়ন, সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় এবং সার্বিক অগ্রগতি নিয়মিত তদারকি করবে। একই সঙ্গে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবং ডিএমটিসিএলের প্যানেল আইনজীবীর মাধ্যমে অগ্রগতি প্রতিবেদন নিয়মিত উচ্চ আদালতে দাখিল করা হবে।

যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে ডিএমটিসিএল আশা করছে, বিশেষজ্ঞদের সুপারিশ ও আদালতের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে এমআরটি লাইন-৬-এর পরিচালনা ব্যবস্থা আরও নিরাপদ, শক্তিশালী এবং আন্তর্জাতিক মানের হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন