পরিবেশ সংরক্ষণ, বনভূমি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশজুড়ে ১১ লাখ গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় সেনাবাহিনীর বার্ষিক বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ সময় সেনাপ্রধান বলেন, বনায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছরের মতো এবারও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। শুধু গাছ লাগানোই নয়, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে এসব গাছকে বড় করে তোলার দায়িত্বও পালন করা হবে।
তিনি জানান, এবারের কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন সেনানিবাস, প্রশিক্ষণ এলাকা, প্রতিষ্ঠান ক্যাম্পাস এবং সেনাবাহিনীর স্থাপনা ও অবস্থান রয়েছে এমন এলাকাগুলোতে ১১ লাখ গাছের চারা রোপণ করা হবে।
সেনাপ্রধান আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও আশা করেন, সেনাবাহিনীর এ কর্মসূচি সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে এবং দেশের সবুজায়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
কালের আলো/এসএ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ । ১:৩১ অপরাহ্ণ