রোহিঙ্গাদের যৌথভাবে সহায়তা দেবে যুক্তরাজ্য-সৌদি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ । ১:৩১ অপরাহ্ণ

রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় মানবিক কার্যক্রম জোরদারে বাংলাদেশে প্রথমবারের মতো যৌথ সফর করেছে সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রতিনিধিদল কক্সবাজার সফরকালে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধি ও স্থানীয় জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা স্থানীয় সম্প্রদায়ের জন্য খাদ্য নিরাপত্তা সহায়তা, পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) কার্যক্রম পরিদর্শন করেন।

২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত যুক্তরাজ্য-সৌদি আরব কৌশলগত সহায়তা সংলাপের ঘোষণা অনুযায়ী, কেএসরিলিফ ও যুক্তরাজ্য সরকার যৌথভাবে ৭ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে। এ অর্থের মাধ্যমে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং বাংলাদেশের ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট এফোর্টের (আইএসডিই) মতো অংশীদার সংস্থার মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই যৌথ সফর সৌদি আরব ও যুক্তরাজ্যের ক্রমবর্ধমান মানবিক অংশীদারিত্বের প্রতিফলন। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডনে কেএসরিলিফ ও যুক্তরাজ্য সরকারের মধ্যে একটি যৌথ বিবৃতি স্বাক্ষরিত হয়, যেখানে বাংলাদেশ ও ইয়েমেনে মানবিক কার্যক্রমে সহযোগিতার অঙ্গীকার করা হয়।

সফরকালে প্রতিনিধিদল মানবিক সহায়তা কার্যক্রমের সুবিধাভোগীদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা শোনেন। তারা জানান, এসব কর্মসূচি রোহিঙ্গা পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং চলমান সংকট মোকাবিলায় সক্ষমতা বাড়াতে সহায়তা করছে।

কেএসরিলিফের অপারেশন ও প্রোগ্রামবিষয়ক সহকারী সুপারভাইজার জেনারেল ইঞ্জিনিয়ার আহমেদ বিন আলী আল-বাইজ বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়নে আমরা এফসিডিও’র সঙ্গে অংশীদারিত্বকে গুরুত্ব দিচ্ছি। যুক্তরাজ্যের সঙ্গে এই সহযোগিতা রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছে দেওয়ার সক্ষমতা বাড়িয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, রোহিঙ্গা শরণার্থী, আশ্রয়দাতা জনগোষ্ঠী এবং বিশ্বের অন্যান্য ঝুঁকিপূর্ণ মানুষের জন্য জীবন রক্ষাকারী সহায়তা দিতে কেএসরিলিফের সঙ্গে অংশীদার হতে পেরে যুক্তরাজ্য গর্বিত। এই সফর আমাদের গভীরতর মানবিক অংশীদারত্ব ও প্রয়োজনীয় মানুষের পাশে থাকার অঙ্গীকারকে তুলে ধরেছে।

সৌদি আরব ও যুক্তরাজ্য বলছে, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য কার্যকর, নীতিনিষ্ঠ ও মানবিক সহায়তা নিশ্চিত করাই তাদের যৌথ লক্ষ্য।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন