টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই আন্দোলনকে সামনে রেখে একটি মহল ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করার জন্য একটি মহল সক্রিয় রয়েছে। তারা নিজেদের পরিচয় গোপন রেখে শিক্ষার্থীদের সামনে রেখে আন্দোলন করছে।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলনকারীদের মধ্যে অনেকেই পরীক্ষার্থী নয়। পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। যারা প্রকৃত পরীক্ষার্থী, তারা সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছে এবং সমস্যার সমাধান হয়েছে।
তিনি আরও বলেন, সরকার এ আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না, কারণ আন্দোলনকারীদের সংখ্যা খুব বেশি নয়।
সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, আগের সময়ে সচিবালয়ে ঢুকে দাবি আদায়, পরীক্ষা স্থগিত করা কিংবা পরীক্ষা ছাড়াই পাসের মতো একটি ‘অপসংস্কৃতি’ তৈরি হয়েছিল। বর্তমানেও সেই প্রবণতার ধারাবাহিকতা দেখা যাচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার মান ক্ষুণ্ন হতে দেবে না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া হবে এবং শিক্ষার মান পুনরুদ্ধার করে জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক জাতি গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অতীতে অটোপাস, অতিরিক্ত নম্বর দেওয়া এবং ব্যাপকভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতির কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে।
তিনি জানান, শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
কালের আলো/এসএ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ । ২:৫১ অপরাহ্ণ