২০ জুলাই প্রকাশ হচ্ছে না ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬ । ৩:৪৯ অপরাহ্ণ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল পূর্বঘোষিত ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০ জুলাই ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের জন্য শিক্ষা বোর্ডগুলো প্রস্তুত রয়েছে। নতুন তারিখ পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সে অনুযায়ী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। এরপর ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ৫৭ হাজারেরও বেশি পরীক্ষার্থী।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পরই নতুন তারিখ ঘোষণা করে ফলাফল প্রকাশ করা হবে।

কালের আলো/এসএ 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন