নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ২:১৭ অপরাহ্ণ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি। প্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হলে অতীতের রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।
রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন অ্যাকাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, শুধু আনুষ্ঠানিক কর্মশালা বা উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণের জন্য কর্মসূচি গ্রহণের কোনো অর্থ নেই, যদি তা সাধারণ মানুষের কল্যাণে না আসে। সিভিল সার্ভিস কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত একটি অংশ। তাই নিজেদের শাসক মনে না করে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন অ্যাকাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।
দেশে সঠিক নীতি প্রণয়নের জন্য পরিসংখ্যান ব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সঠিক তথ্য ছাড়া কার্যকর নীতি নির্ধারণ সম্ভব নয়। তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ও রেমিট্যান্স খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে ভিত্তি করে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের জন্য কারিগরি শিক্ষা ও ভোকেশনাল প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে পুনরায় কার্যকর করার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নীতি রাজনৈতিক ম্যান্ডেটের ভিত্তিতে নির্ধারিত হয়। আর আমলাতন্ত্রের দায়িত্ব হলো সেই নীতির আলোকে কর্মসূচি ও প্রকল্প প্রণয়ন এবং যথাযথ তদারকির মাধ্যমে তা বাস্তবায়ন করা।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিয়মের বাইরে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে গৃহীত সরকারের নির্বাচনী অঙ্গীকার ও ৩১ দফা কর্মসূচি বিধি অনুযায়ী বাস্তবায়ন করাই প্রশাসনের মূল দায়িত্ব।
কালের আলো/এসএ
