জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের সেবা প্রায় দুই ঘণ্টা বিঘ্নিত থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের পর থেকে প্ল্যাটফর্মগুলোতে স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারছেন ব্যবহারকারীরা।
এর আগে দুপুরের দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যার মুখে পড়েন। অনেকেই ওয়েব সংস্করণে প্রবেশ করতে পারেননি, আবার কারও ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলো অত্যন্ত ধীরগতিতে চলছিল।
সেবার বিঘ্নের কারণে ব্যবহারকারীরা নিউজফিড দেখা, বার্তা আদান-প্রদান এবং মেসেঞ্জারে অডিও বা ভিডিও কল করতেও সমস্যায় পড়েন।
সাময়িকভাবে কিছু ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্টে “Account Temporarily Unavailable” বার্তা দেখা যায়। সেখানে উল্লেখ করা হয়, সাইটসংক্রান্ত সমস্যার কারণে অ্যাকাউন্টটি সাময়িকভাবে অপ্রাপ্য রয়েছে এবং অল্প সময়ের মধ্যেই সমস্যা সমাধান হবে।
এদিকে, সেবার অবস্থা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরেও দুপুর ২টার কিছু আগে ফেসবুক ও ইনস্টাগ্রাম নিয়ে অভিযোগের সংখ্যা হঠাৎ বেড়ে যায়।
তবে কী কারণে এই সাময়িক বিভ্রাট ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি প্ল্যাটফর্মগুলোর মূল প্রতিষ্ঠান মেটা।
কালের আলো/এসএ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ৬:২৭ অপরাহ্ণ