ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৭৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ৭:৪৬ অপরাহ্ণ

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৭৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

রোববার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা।

একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭৩ জন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ১০ হাজার ৪৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৪৪০ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে। বর্ষা মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় মশার বিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জমে থাকা পরিষ্কার পানি অপসারণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরে ব্যথা বা রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন