মার্কিন হামলায় ইরানে নিহত বেড়ে ৫০, আহত ৫ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ১১:২৮ অপরাহ্ণ

যুদ্ধবিরতি ভেঙ্গে গত ২৭ জুন থেকে ইরানে চলমান মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫০ জন নিহত এবং ৫১৭ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হতাহতের আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেছেন।

তিনি জানান, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুজন শিশু এবং ৩৫ জন নারী ও ১৯ জন শিশু আহত হয়েছে।

মুখপাত্র আরও বলেন, আহতদের মধ্যে ২৮ জনের শরীরে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে এবং ৪৬৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া ৩২ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, গত জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছিল। কিন্তু ২৭ জুন থেকে সেই ভঙ্গুর চুক্তিটি ভেঙ্গে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।

এবারের হামলায় ইরানের হাসপাতাল, সেতু, রেললাইন, বিমানবন্দর, সমুদ্রবন্দর, টেলিযোগাযোগ কেন্দ্রসহ বেসামরিক স্থাপনাগুলোতে বিশেষ করে লক্ষ্যবস্তু করেছে মার্কিন বাহিনী।

এছাড়াও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় দক্ষিণ ইরানের পানি সরবরাহ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রায় ২০টি গ্রামের ১০ হাজার মানুষ তীব্র পানি সংকটে পড়েছেন।

জবাবে কুয়েত, বাহারাইন ও জর্ডাসে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এসব হামলায় মার্কিন যুদ্ধবিমান, রাডার ও অস্ত্রাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও জর্ডানের আল-আজরাক ঘাঁটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের ২ জন সেনাসদস্য নিহত এবং আরও ১ জন সেনা নিখোঁজ রয়েছেন।

সূত্র: আনাদোলু

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন