বিশ্বকাপ ও গোল্ডেন বল জিতে বিতর্কের জবাব দিলেন রদ্রি

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬ । ১:৫৩ অপরাহ্ণ

বিশ্বকাপ জয়ের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। ২০২৪ সালের ব্যালন ডি’অর জয় নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তার জবাব দিয়েছেন এই স্প্যানিশ তারকা।

২০২৪ সালে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে পুরস্কার জিতেছিলেন রদ্রি। সেই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। অনেকের মতে, ব্যালন ডি’অর ভিনিসিয়ুসেরই প্রাপ্য ছিল। প্রতিবাদ হিসেবে রিয়াল মাদ্রিদের প্রতিনিধিরা প্যারিসে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বর্জন করেছিলেন।

তবে বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতানোর পাশাপাশি গোল্ডেন বল জিতে সেই বিতর্কের জবাব দিয়েছেন রদ্রি। একই সঙ্গে বিশ্বকাপ ও ব্যালন ডি’অর জিতে ইতিহাসে নতুন কীর্তিও গড়েছেন তিনি।

রদ্রি এখন ইতিহাসের মাত্র একাদশ ফুটবলার, যিনি বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ব্যালন ডি’অর—এই তিনটি মর্যাদাপূর্ণ শিরোপা জিতেছেন। এছাড়া তিনি মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ, ব্যালন ডি’অর এবং বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে এই তালিকায় ছিলেন পাওলো রসি, জিনেদিন জিদান ও লিওনেল মেসি।

বিশ্বকাপে রদ্রি কোনো গোল বা অ্যাসিস্ট না করলেও স্পেনের সাফল্যে তাঁর অবদান ছিল অনন্য। বলের দখল ধরে রাখা, নিখুঁত পাস, দুর্দান্ত পজিশনিং এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণে পুরো টুর্নামেন্টজুড়েই ছিলেন অসাধারণ। টুর্নামেন্টে সবচেয়ে বেশি পাস সম্পন্ন করা, সবচেয়ে বেশি দূরত্ব দৌড়ানো এবং সবচেয়ে বেশি খেলায় সম্পৃক্ত থাকার কৃতিত্বও তাঁর।

ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের ১-০ গোলের জয়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি রদ্রির হাতে। ম্যাচে তিনি ১০৬টি পাসের মধ্যে ১০১টি সফল করেন, যার সফলতার হার ছিল ৯৫ শতাংশ। এছাড়া ৯টি লং পাসের মধ্যে ৮টিই সফল ছিল।

বিশ্বকাপের আগে চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন রদ্রি। ২০২৪ সালের গুরুতর চোট তাঁর ক্যারিয়ার নিয়ে শঙ্কা তৈরি করলেও প্রত্যাবর্তনের পর আরও পরিণত রূপে দেখা যায় তাঁকে। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা আগেই বলেছিলেন, বিশ্বকাপে রদ্রির সেরা সংস্করণ দেখা যাবে। শেষ পর্যন্ত সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হয়েছে।

বিশ্বকাপজুড়ে স্পেনের রক্ষণভাগের সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রদ্রির। মাঝমাঠেই প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া, কাউন্টার-প্রেসিং এবং বল পুনরুদ্ধারে তিনি ছিলেন টুর্নামেন্টের সেরা। ফিফার ফুটবল পারফরম্যান্স ইনসাইটসের তথ্য অনুযায়ী, পুরো বিশ্বকাপে কাউন্টার-প্রেসিংয়ের মাধ্যমে সবচেয়ে বেশি বল পুনরুদ্ধার করেছেন রদ্রিই।

বিশ্বকাপ জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রদ্রি বলেন, “এখনো আমরা যেন বিশ্বাসই করতে পারছি না। মনে হচ্ছে যেন মেঘের ওপর ভাসছি। সত্যি বলতে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।”

নীরব অথচ কার্যকর পারফরম্যান্সের জন্য পরিচিত রদ্রি এবার বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজেকে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করলেন।

কালের আলো/এসএ 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন