বিশ্বকাপ ফাইনালে তারকাদের মিলনমেলা

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬ । ২:০৯ অপরাহ্ণ

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফিফা বিশ্বকাপের ফাইনাল শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ ছিল না। নিউইয়র্ক-নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি পরিণত হয় সংগীত, বিনোদন ও তারকাদের এক বর্ণাঢ্য মিলনমেলায়। নজিরবিহীন হাফটাইম শো এবং গ্যালারিতে বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতি দর্শকদের বাড়তি উন্মাদনা উপহার দেয়।

ফাইনালের হাফটাইম শোতে এক মঞ্চে পারফর্ম করেন পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনা, কলম্বিয়ান তারকা শাকিরা, কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। আয়োজনটি এতটাই জাঁকজমকপূর্ণ ছিল যে অনেকেই এর তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সুপার বোল হাফটাইম শোর সঙ্গে।

হাফটাইমে ম্যাডোনা তাঁর জনপ্রিয় গান ‘মিউজিক’ পরিবেশন করেন। স্টেডিয়ামের নিচের টানেল থেকে নাটকীয়ভাবে মঞ্চে উঠে তিনি দর্শকদের চমকে দেন। তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদো ও রোনালদিনিও।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও একসঙ্গে পারফর্ম করা শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয় ফাইনালের মঞ্চেও দর্শকদের মাতিয়ে তোলেন।

এদিকে বাধ্যতামূলক সামরিক সেবা শেষে প্রায় তিন বছর পর প্রথমবারের মতো একসঙ্গে বিশ্বমঞ্চে পারফর্ম করে বিটিএস। তাদের পরিবেশনা ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।

গিটার হাতে মঞ্চে ওঠেন জাস্টিন বিবারও। রঙিন আলোকসজ্জা, আতশবাজি এবং বিশাল মঞ্চসজ্জায় পুরো স্টেডিয়াম উৎসবের আবহে রূপ নেয়।

মাঠের বাইরেও ছিল তারকাদের ভিড়। গ্যালারিতে উপস্থিত ছিলেন কাইলি জেনার ও তাঁর সঙ্গী টিমোথি শ্যালামে, বিয়ন্সে ও জে-জেড, অভিনেত্রী আনিয়া টেইলর-জয় ও তাঁর স্বামী ম্যালকম ম্যাকরে, জেসিকা আলবা, ড্যানি রামিরেজ, ডেভিড বেকহ্যাম ও ভিক্টোরিয়া বেকহ্যামসহ হলিউড ও সংগীতজগতের আরও অনেক পরিচিত মুখ।

ফাইনাল দেখতে এসেছিলেন হলিউড অভিনেতা ম্যাট ডেমন ও তাঁর স্ত্রী লুসিয়ানা বোজান বারোসোও। লুসিয়ানা আর্জেন্টিনার জার্সি পরে ম্যাচ উপভোগ করেন। গ্যালারিতে ম্যাট ডেমনকে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই রসিকতা করে তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত দ্য অডিসি সিনেমার চরিত্রের সঙ্গে মিলিয়ে মন্তব্য করেন।

খেলা শুরুর আগে সমাপনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করেন গায়িকা ও অভিনেত্রী জেনিফার হাডসন।

এরপর মঞ্চে উঠে অভিনেতা টম ক্রুজ ফুটবলের ঐক্যের শক্তি নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, “পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে আমরা মহত্ত্বের সাক্ষী হয়েছি এবং আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছি। ফুটবল এমন একটি ভাষা, যার কোনো শব্দ নেই, কিন্তু যা মানুষকে একত্র করে।”

ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মোহনলালও। বর্তমানে বহুল আলোচিত ‘দৃশ্যম ৩’ সিনেমাকে ঘিরে আলোচনায় রয়েছেন তিনি।

জাঁকজমকপূর্ণ আয়োজন, বিশ্বমানের সংগীত পরিবেশনা এবং অসংখ্য আন্তর্জাতিক তারকার উপস্থিতিতে এবারের বিশ্বকাপ ফাইনাল ক্রীড়া ও বিনোদনের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন