পুলিশে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ । ৬:১০ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

শীর্ষ পর্যায়ে বড় পরিবর্তন পুলিশের এই রদবদলে ময়মনসিংহ রেঞ্জ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে।

অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং পুলিশ অধিদফতরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীমকে এসএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও সিআইডির ডিআইজি মাসুদ করিমের একটি পূর্ববর্তী বদলি আদেশ বাতিল করা হয়েছে।

র‍্যাব ও সদর দফতরে নতুন পদায়ন র‍্যাব এবং পুলিশ সদর দপ্তরেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার শরীফ উদ্দিন আহমেদকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে র‍্যাবে পদায়ন করা হয়েছে।

এছাড়া শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।

পাবনায় নতুন এসপি ও বিভিন্ন রেঞ্জে সংযুক্তি পাবনা জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান এসপি মো: ছফি উল্লাহকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করে তার জায়গায় এন্টি টেররিজম ইউনিটের আবু আশরাফকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি বেশ কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদ এবং পুলিশ সদর দপ্তরের আ. ফ. ম. নিজাম উদ্দিন ও এসবির বিশেষ পুলিশ সুপার তাহসিন মাশরুফ হোসেন মাসফিকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জে, ট্যুরিস্ট পুলিশের মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জে এবং সিআইডির মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত এই আদেশগুলো জনস্বার্থে অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন