বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬ । ৬:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ পিপলস লীগকে আগামী তিন মাসের মধ্যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দলটির করা এক রিটের প্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার (২২ জুলাই) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন দলটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী গরীব নেওয়াজ মুহাম্মদ। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. সেলিম মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্তভাবে জানিয়ে দেয়। ইসির ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন দলটির মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেছিলেন। বুধবার সেই রুলের ওপর চূড়ান্ত রায় দিয়ে তিন মাসের মধ্যে দলটিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

আদালতের রায়ের পর সন্তোষ প্রকাশ করে রিটকারী ও দলটির মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর তারা ন্যায়বিচার পেয়েছেন।

নিবন্ধন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘২০১২ সালে প্রথম যখন আমরা আবেদন করি, তখন আমাদের ৮৩টা উপজেলা এবং ১৮টা জেলা সম্পন্ন হয়েছিল। কিন্তু নিয়ম অনুযায়ী ১০০ উপজেলা এবং ২১টা জেলা দরকার ছিল। তখন বাকি ১৭টি উপজেলা এবং ৩টি জেলার পুনরায় তদন্তের (রি-ইনকোয়ারি) জন্য আমরা আবেদন করেছিলাম।’

ইসির বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনে তিনি বলেন, ‘অন্যান্য কয়েকটা রাজনৈতিক দলের রি-ইনকোয়ারির আবেদন মঞ্জুর করলেও আমাদেরটা করেনি। না করাতে ওই আদেশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে রিট করি এবং আদালত রি-ইনকোয়ারি করার জন্য ইসিকে নির্দেশ দেন। এরপর আমাদের ২১টা জেলায় ১০১টা উপজেলা সম্পন্ন হওয়ার পরেও নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন দেয়নি।’

নিবন্ধন না পাওয়ার পেছনে বিগত সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ছিল দাবি করে পিপলস লীগের এই নেতা বলেন, ‘তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। সরকারের নির্দেশেই এটা হয়েছে। কারণ, তাদের নির্দেশেই তখন অনেক দল নিবন্ধন পেয়েছে, কিন্তু বাস্তব সত্য হলো— আমরা পাইনি। আমরা ২০ দলীয় জোটের শরিক দল ছিলাম, যার জন্য তৎকালীন স্বৈরাচারী সরকার আমাদেরকে এটা দেয়নি— এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই।’

তিনি আরও বলেন, ‘আজকে আমরা ন্যায়বিচার পেয়েছি, আমরা জয়লাভ করেছি। হাইকোর্ট আমাদের নিবন্ধনের নির্দেশ দিয়েছেন।’

প্রসঙ্গত, বাংলাদেশ পিপলস লীগ ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন