কেন্দুয়ার সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: অটোরিকশা চালক নিহত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ । ৫:১০ অপরাহ্ণ

শুক্রবার (২৪ জুলাই) সকালে কেন্দুয়া-পুরুড়া সড়কের সোহাগপুর মোড়ে মর্মান্তিক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহতের খবর পাওয়া গেছে।  নেত্রকোনার কেন্দুয়ায় ব্যাটারী চালিত অটোরিকশা ও মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিয়াস মিয়া (২২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিল্লাল হোসেন (৩০) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

নিহত পিয়াস মিয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। আহত বিল্লাল হোসেন একই গ্রামের পাকিস্তানি মিয়ার ছেলে। আটক পিকআপ চালক চঞ্চল রবিদাস (২৮) করিমগঞ্জ উপজেলার নিত্য রবিদাসের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পিয়াস মিয়া অটোরিকশা নিয়ে কেন্দুয়া থেকে পুরুড়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে মাছবোঝাই একটি পিকআপ ভ্যান কেন্দুয়ার দিকে আসছিল। সোহাগপুর মোড়ে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক পিয়াস মিয়া ও যাত্রী বিল্লাল হোসেন গুরুতর আহত হন।

 

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পিয়াস মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত বিল্লাল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর পুলিশ পিকআপ ভ্যান ও অটোরিকশাটি জব্দ করে। এ সময় স্থানীয়রা পিকআপ চালক চঞ্চল রবিদাসকে আটক করে কেন্দুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া আটক পিকআপ চালককে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন