লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবা মান নিয়ে পানিসম্পদমন্ত্রীর ক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ । ৭:২৬ অপরাহ্ণ

লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়নমূলক কাজ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২৩ জুলাই) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবর্ধনা সভায় পানিসম্পদমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উদাসীনতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

সুযোগ থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজ, জলাশয়, পানি নিষ্কাশনের ড্রেন ও রাস্তা সংস্কারমূলক কাজ করেন না। এসবের কোনো দৃশ্য আমার চোখে পড়েনি।

এ সময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের উন্নয়নকাজ বাস্তবায়নে যারা দুর্নীতির সঙ্গে জড়াবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে তিনি বলেন, এক মাসের মাথায় আমরা চন্দ্রগঞ্জ উপজেলা পেয়েছি।

পানিসম্পদমন্ত্রী এ্যানি বলেন, জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল রেললাইন। লক্ষ্মীপুরে রেললাইন বাস্তবায়ন অসম্ভব ছিল। সেই অসম্ভবকে সম্ভব করেছি। আশা করি, অচিরেই এ স্বপ্নপূরণ হতে যাচ্ছে। এ ছাড়া লক্ষ্মীপুরে নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল কলেজ অনুমোদন হয়েছে এবং একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় পাচ্ছে এ জেলাবাসী।

আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জেড এম ফারুকী, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম, টুমচর মাদরাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানী, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ প্রমুখ।

এতে জেলার বিভিন্ন সুধীজন, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।

কালের আলো/জেএন/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন