ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ । ১:৪৭ অপরাহ্ণ

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য, মোবাইল ফোন, বিপুল সংখ্যক সিমকার্ড, ব্যাংকের কার্ড ও চেক বইসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

একই সময়ে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৫৪ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১৯ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ৬ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে খয়েরি রঙের ছাতার পোড়া কাপড়, ছাতার বাট ও রডের খণ্ড, সানলাইট ব্যাটারির অংশ, ৯ ভোল্ট ব্যাটারির খণ্ড, জিআই পাইপের অংশ, ১২টি বিয়ারিং বল, ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, একটি বোতলের কর্ক, এক টুকরা ফুয়েল পেপার, একটি মাথা খোলা গ্যাস লাইট, ১৬টি মোবাইল ফোন, ২১টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০টি চেক বই, ৪৪৩টি সিমকার্ড উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

কালের আলো/জেএন/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন