মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ । ৫:৪৮ অপরাহ্ণ

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শনিবার (২৫ জুলাই) মালদ্বীপে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বৈঠকে মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদার করা, দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ অন্বেষণের বিষয়গুলো গুরুত্ব পাবে।

এছাড়া দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন।

পাশাপাশি আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে অব্যাহত সহযোগিতার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ড. খলিলুর রহমানের প্রথম সরকারি মালদ্বীপ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ সফর মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। একই সঙ্গে আগামী দিনে দুই দেশের মধ্যে বর্ধিত সহযোগিতার পথ সুগম করবে।

ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলন শেষে মালদ্বীপ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন