মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ । ৮:৫৯ অপরাহ্ণ

মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই) মালদ্বীপে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে খলিলুর রহমান ২৫ থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত মালদ্বীপ সফর করছেন। সফরকালে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া, পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

আলোচনায় মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করা, দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ অন্বেষণের বিষয়গুলো প্রাধান্য পাবে।

এছাড়া, দুই মন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে অব্যাহত সহযোগিতার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন