রাজশাহীকে পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ নগরীতে পরিণত করা হবে: ভূমিমন্ত্রী

রাজশাহী প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ । ১১:৪২ অপরাহ্ণ

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীকে আবারও সবুজ নগরীতে পরিণত করতে হবে। নগরের খালি জায়গাসহ যেখানে সম্ভব সেখানে গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে রাজশাহী নগরীর নজরুল ভিলেজে ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবার মেলার প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।

নিজের মেয়াদকালের কথা উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র থাকাকালে ব্যাপক বৃক্ষরোপণ করা হয়েছিল। তখন নগর আরও সবুজ ছিল। আবারও পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে রাজশাহীকে সবুজ নগরীতে পরিণত করা হবে।

বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা বৃক্ষরোপণ করুন, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ নয়, গাছ বড় হওয়া পর্যন্ত পরিচর্যা নিশ্চিত করতে হবে। গাছ লাগানোর চেয়ে তা রক্ষা করাই বেশি কঠিন। তাই সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।

ভূমিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার হারিয়ে যাওয়া সবুজায়ন ফিরিয়ে আনতে কাজ করছে। সম্মিলিত প্রচেষ্টায় সেই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা আজও স্মরণীয়। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও ব্যাপক সবুজায়নের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন। সে সময় রাজশাহী জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা পুলিশ সুপার নাইমুল হাছান এবং রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলার গেটে এসে শেষ হয়। ১৫ দিনব্যাপী এ মেলায় ৫২টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন